হৃদয়কে লক্ষ্য করে কথা বলুন, কানকে লক্ষ্য করে নয়।

সাধারণ মানুষেরা অন্যের কানকে লক্ষ্য করে কথা বলেন, যাতে কথটা অন্যের কান পর্যন্ত পৌঁছায়। বিনয়ী মানুষরা অন্যের হৃদয়কে লক্ষ্য করে কথা বলেন, যাতে কথটা অন্যের হৃদয় পর্যন্ত পৌঁছায়।
কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًا
“আর মানুষের সঙ্গে সুন্দর কথা বলো।”
— (সূরা বাকারা, ২:৮৩)
এই আয়াতে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন সুন্দর কথা বলার। দেখুন, এখানে বলা হয়নি ‘ঠিক কথা বলো’, বলা হয়েছে ‘সুন্দর’—অর্থাৎ এমনভাবে বলো যাতে তা শিষ্টাচারপূর্ণ, কোমল, ও হৃদয়গ্রাহী হয়।
রাসূল (সা.) যখন কাউকে কিছু বলতেন, তখন তিনি তার মনস্তত্ত্ব বুঝে নিতেন। কখনো করুণ স্বরে, কখনো অনুপ্রেরণামূলক গল্প দিয়ে, আবার কখনো একান্তে ডেকে নিয়ে কথা বলতেন—এভাবে তিনি মানুষকে জয় করতেন হৃদয় দিয়ে।
এ প্রসঙ্গে আল্লাহ বলেন:
فَبِمَا رَحْمَةٍ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ
“আল্লাহর রহমতে, আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। যদি আপনি রাগ ও কঠিন হৃদয়ের হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো।”
— (সূরা আলে ইমরান, ৩:১৫৯)
কেবল সত্য বললেই হবে না—সত্য কথাটা কীভাবে বলা হচ্ছে, তা-ও গুরুত্বপূর্ণ। একটা কথা অন্যের কানে পৌঁছানো সহজ, কিন্তু কারো হৃদয়ে কোনও কথা পৌঁছাতে হলে লাগে কোমলতা, সহানুভূতি আর সদিচ্ছা।
যে কোনও কথা কাউকে বলার আগে ভাবতে হবে:
১। “এই কথাটা কি শুধু কানে যাবে, না কি হৃদয়ে যাবে?”
২। “এই কথা কি কাউকে অপমান করবে, না কি অনুপ্রাণিত করবে?”
এবার আসুন, উপরে উল্লেখিত দুইটি আয়াত শব্দে শব্দে শিখি।
সূরা বাকারা, ২:৮৩
وَقُولُوا۟ – ওয়া কুলূ – আর তোমরা বলো
لِلنَّاسِ – লিন্নাসি – মানুষদের প্রতি
حُسْنًا – হুসনান – সুন্দরভাবে / ভালো কথা
.
সূরা আলে ইমরান, ৩:১৫৯
فَبِمَا – ফাবিমা – অতএব, যার দ্বারা
رَحْمَةٍ – রাহমাতিন – রহমত / দয়া
مِّنَ – মিনা – পক্ষ থেকে
ٱللَّهِ – আল্লাহি – আল্লাহ
لِنتَ – লিনতা – আপনি কোমল হয়েছিলেন
لَهُمْ – লাহুম – তাদের প্রতি
ۖ وَلَوْ – ওয়ালাও – আর যদি
كُنتَ – কুন্তা – আপনি হতেন
فَظًّا – ফায্যান – রূঢ় / কর্কশ
غَلِيظَ – গালীযা – কঠোর
ٱلْقَلْبِ – আল-কলবি – হৃদয়ের
لَٱنفَضُّوا۟ – লানফাদ্দূ – তারা ছত্রভঙ্গ হয়ে যেতো
مِنْ – মিন – থেকে
حَوْلِكَ – হাওলিকা – আপনার চারপাশ থেকে
বলুন তো, উপরের দুইটা আয়াতের কয়টা শব্দ আপনি জানেন?





